জুরাছড়ির দুর্গম সীমান্তে বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার দুর্গম সীমান্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর উদ্যোগে শুক্রবার জুরাছড়ি উপজেলার দুমদুমিয়া ইউনিয়নের বগাখালী উচ্চ বিদ্যালয় মাঠে একটি বৃহৎ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বগাখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় আয়োজিত এই চিকিৎসা কার্যক্রমে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১১২ জন সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
ইউনিটের মেডিকেল অফিসারগণ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করেন।
চিকিৎসা ক্যাম্প পরিদর্শন ও তদারকিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী।
তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিজিবির মানবিক কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষার দায়িত্বই পালন করছে না, বরং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। বিজিবি মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী ‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই মূলনীতি বাস্তবায়নের অংশ হিসেবেই এ ধরনের জনসেবামূলক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় পাড়া কারবারি, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় জনগণ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্গম সীমান্ত এলাকায় এ ধরনের উদ্যোগ তাদের জন্য বড় স্বস্তি হিসেবে এসেছে বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, কাপ্তাই ব্যাটালিয়ন নিয়মিতভাবে সীমান্তবর্তী এলাকায় ত্রাণ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদান, চিকিৎসা সেবা এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রসঙ্গত, সীমান্ত অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও সামাজিক উন্নয়ন জোরদারে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।