সংসদ নির্বাচনে রাঙামাটিতে জনগণের ভোটাধিকার সুরক্ষায় প্রস্তুত বিজিবির ছোট হরিণা ব্যাটালিয়ন
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাঙামাটি পার্বত্য জেলার বরকলে বর্ডার গার্ড বাংলাদেশ (১২ বিজিবি) ছোট হরিণা ব্যাটালিয়ন একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছে।
আজ সোমবার ছোট হরিণা ব্যাটালিয়ন সদরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যাটালিয়ন অধিনায়ক (১২ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, রাঙামাটির বরকলে বিজিবি ছোট হরিণা ব্যাটালিয়ন সম্পূর্ণভাবে নির্বাচনের জন্য প্রস্তুত। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় বিজিবি সরকার ও নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করবে। বাহিনীটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।
ছোট হরিণা ব্যাটালিয়ন বরকল উপজেলার ২টি ইউনিয়নের ২১২ বর্গ কিলোমিটার এলাকার ৬টি ভোটকেন্দ্রে ৫টি প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ আরও উৎসাহিত হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার বা অন্য কোনো সীমান্ত-সংক্রান্ত অপরাধ যাতে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্ক ও তৎপর থাকবে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী আরও উল্লেখ করেন, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে।
প্রসঙ্গত, বিজিবি কর্তৃক নির্বাচনের নিরাপত্তা ও ভোটার সুরক্ষায় জোরদার প্রস্তুতি গ্রহণ নির্বাচনের স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।