২৩ জন ভারতীয়র বিনিময়ে ১২৮ জন বাংলাদেশী জেলেকে ফিরিয়ে দিল ভারত
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান সম্পর্ক ও পারস্পরিক প্রত্যাবাসন ব্যবস্থার আওতায় ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবী আজ দেশে ফিরেছেন। একই সময়ে বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকে যথাযথ প্রক্রিয়ায় ভারতে ফেরত পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র সীমানা রেখায় এক বর্ণাঢ্য ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিনিধিদল ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রহণ করে। মৎস্যজীবীদের পাশাপাশি বাংলাদেশের মালিকানাধীন পাঁচটি ফিশিং বোটও ফিরিয়ে আনা হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতের মালিকানাধীন দুটি ফিশিং বোটসহ ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে বাংলাদেশ কোস্টগার্ড।

এই জটিল ও গুরুত্বপূর্ণ প্রত্যাবাসন কার্যক্রমটি সফল করতে সরকারের একাধিক মন্ত্রণালয় ও সংস্থা একযোগে কাজ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুলিশ ও স্থানীয় প্রশাসন।
ভুলবশত আন্তর্জাতিক সমুদ্র সীমানা অতিক্রম করায় উভয় দেশের এই মৎস্যজীবীরা বিভিন্ন সময়ে আটক হয়েছিলেন। দীর্ঘ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শেষে দুই দেশের সমঝোতার ভিত্তিতে তাদের স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, এই ধরনের প্রত্যাবাসন দুই প্রতিবেশী দেশের মধ্যকার পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। ফিরে আসা বাংলাদেশি মৎস্যজীবীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।