আসাম সীমান্তে গরু চোরাচালান সন্দেহে বিএসএফের গুলিতে আহত এক
![]()
নিউজ ডেস্ক
ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আসামের মানকাচার এলাকার কুকুরমারা সীমান্তে গরু চোরাচালানের সন্দেহে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি চালালে একজন আহত হয়েছেন।
গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করে।
সরকারি সূত্র জানায়, কুকুরমারা সীমান্ত এলাকা দিয়ে একদল চোরাকারবারি অবৈধভাবে গবাদিপশু বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে বিএসএফ সদস্যরা তাদের বাধা দেন এবং বারবার সতর্ক সংকেত দেন। তবে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়।
গুলিতে একজন চোরাকারবারির পায়ে গুলি লাগে। আহত ব্যক্তির নাম শাহার আলী (২৬)। তিনি মানকাচার থানাধীন কুকুরমারা পার্ট–২ গ্রামের বাসিন্দা এবং হিকমত আলীর ছেলে বলে জানা গেছে। গুলিবিদ্ধ শাহার আলী গুরুতর আহত হন।
ঘটনার সময় অন্য চোরাকারবারিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয় বলে সূত্র জানিয়েছে। আহত ব্যক্তিকে পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পলাতক চোরাকারবারিদের শনাক্ত ও আটক করতে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, নিম্ন আসাম অঞ্চলে ভারত–বাংলাদেশ সীমান্ত দিয়ে গবাদিপশু চোরাচালান দীর্ঘদিন ধরেই একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। বাড়তি নজরদারি থাকা সত্ত্বেও মাঝেমধ্যেই এ ধরনের ঘটনার খবর সামনে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।