নির্বাচনী নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের পাশে বিজিবির মারিশ্যা জোন
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ আজ সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশলাদি বিনিময়ের মাধ্যমে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নির্বাচনী পরিদর্শন কার্যক্রমের পাশাপাশি মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর উদ্যোগে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় বাঘাইছড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালুকদারপাড়া এবং মোরঘোনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২২০ জন শিক্ষার্থী এই সহায়তা পায়।
এ বিষয়ে জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বিজিবির সামাজিক দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ।
তিনি আরও জানান, দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে ভবিষ্যতেও বিজিবির এই মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা তৎপরতার পাশাপাশি শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার মাধ্যমে মারিশ্যা জোন পার্বত্য এলাকায় আস্থা ও সহযোগিতার পরিবেশ জোরদার করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।