২০২৬ সালের মধ্যে ভারত থেবে নকশালবাদ নির্মূলের লক্ষ্য অমিত শাহের
![]()
নিউজ ডেস্ক
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী ৩১ মার্চ ২০২৬ সালের মধ্যে দেশ থেকে নকশালবাদ সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্য নিয়েছে সরকার। শনিবার আসামে আয়োজিত ৮৭তম সিআরপিএফ দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উত্তর-পূর্বাঞ্চলে প্রথমবারের মতো এ আয়োজন অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে পাথর নিক্ষেপের ঘটনা শূন্যে নামিয়ে আনা, মণিপুরে জাতিগত সহিংসতা নিয়ন্ত্রণ এবং গত তিন বছরে মাওবাদী ঘাঁটি ভেঙে দেওয়ার ক্ষেত্রে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি ২০২৫ সালের এপ্রিল-মে মাসে ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তের কাররেগুট্টা পাহাড়ে পরিচালিত ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট’-এর কথাও উল্লেখ করেন। ওই অভিযানে ৩১ জন নকশাল সদস্য নিহত এবং তাদের ঘাঁটি ধ্বংস করা হয় বলে জানান তিনি।
অতীতের নিরাপত্তা চ্যালেঞ্জের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় সন্ত্রাসবাদ, নকশালবাদ ও বিচ্ছিন্নতাবাদে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো এখন জাতীয় উন্নয়নে অবদান রাখছে। তিনি সিআরপিএফ সদস্যদের আত্মত্যাগের কথাও স্মরণ করেন। তার তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলে ৭০০, নকশালপ্রবণ এলাকায় ৭৮০, জম্মু ও কাশ্মীরে ৫৪০ এবং আসামে ৭৯ জন সদস্য দায়িত্ব পালনকালে প্রাণ দিয়েছেন।
৮৬ বছরের ইতিহাসে এই প্রথম সিআরপিএফের প্রতিষ্ঠাবার্ষিকীর কুচকাওয়াজ আসামে অনুষ্ঠিত হলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আটটি কন্টিনজেন্ট—যার মধ্যে নারী সদস্যরাও ছিলেন—অনুষ্ঠানে অংশ নেন। কুচকাওয়াজে রাইফেল ড্রিল, কমান্ডো মহড়া ও জঙ্গলযুদ্ধের প্রদর্শনী উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বীরত্ব ও বিশিষ্ট সেবার জন্য সিআরপিএফ সদস্যদের পদকও প্রদান করা হয়।
সিআরপিএফের মহাপরিচালক জি পি সিং বলেন, ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট’ নকশাল শক্তিকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করেছে এবং ২০২৬ সালের নির্ধারিত সময়সীমার মধ্যে নকশালবাদ নির্মূলের লক্ষ্যে বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।