পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা পরিষদে দীর্ঘ ৩৬ বছর ধরে নির্বাচন না হওয়ার প্রেক্ষাপটে দ্রুত নির্বাচনের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে স্মারকলিপি প্রদান করেছে ‘কোটা বিরোধী ঐক্যজোট, রাঙ্গামাটি পার্বত্য জেলা’। জেলা প্রশাসক, রাঙ্গামাটির মাধ্যমে এ স্মারকলিপি প্রধানমন্ত্রীর নিকট পাঠানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ও ২০২৬ সালের জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক চর্চার নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে। সেই ধারাবাহিকতায় স্থানীয় সরকার ব্যবস্থায়ও পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি।

সংগঠনটির দাবি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলা পরিষদে সর্বশেষ সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৯ সালে। এরপর থেকে পরিষদ গঠন, বাজেট অনুমোদন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও নিয়োগ কার্যক্রম পরিচালিত হলেও তা নির্বাচনের মাধ্যমে নয়, বরং নিয়োগ বা মনোনয়নভিত্তিকভাবে সম্পন্ন হয়েছে। এতে জবাবদিহিতা দুর্বল হয়েছে এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ সীমিত হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে প্রশ্ন তোলা হয়—জাতীয় সংসদ, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন নিয়মিতভাবে অনুষ্ঠিত হলেও পার্বত্য জেলা পরিষদ নির্বাচন কেন অনির্দিষ্টকাল বন্ধ থাকবে? আইনগত ও প্রশাসনিক জটিলতার কথা উল্লেখ করা হলেও তা সমাধানের উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

সংগঠনটি চার দফা দাবি উত্থাপন করে—

১. দ্রুত পার্বত্য জেলা পরিষদ নির্বাচন আয়োজন করে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিষদ গঠন নিশ্চিত করা।
২. শিক্ষক নিয়োগসহ শিক্ষা ও চাকরিক্ষেত্রে স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রক্রিয়া নিশ্চিত করা।
৩. সরকারি উন্নয়ন প্রকল্প ও বরাদ্দ ব্যবস্থাপনায় জবাবদিহিতা প্রতিষ্ঠা করা।
৪. সকল জনগোষ্ঠীর সমঅধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা।

স্মারকলিপিতে আরও বলা হয়, নির্বাচিত ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা পাহাড়ে টেকসই শান্তি, আস্থা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে। তাই জেলা পরিষদ পুনর্গঠনের ক্ষেত্রে মনোনয়ন নয়, বরং নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন কোটা বিরোধী ঐক্যজোট, রাঙ্গামাটি পার্বত্য জেলা-এর সদস্য সচিব মো. নুরুল আলম এবং আহবায়ক মোঃ জনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed