পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালকে প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালকে প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালকে প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনকে প্রত্যাহারের দাবিতে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিটি রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিনের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেন প্রতিনিধিরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ঘ খণ্ডের ১৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী উপজাতীয়দের মধ্য থেকে একজন মন্ত্রী নিয়োগ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন করার কথা বলা হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয়কে সহায়তার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠনের বিধান রয়েছে। কিন্তু পার্বত্য মন্ত্রণালয়ে মীর হেলাল উদ্দিনকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া চুক্তির সঙ্গে সাংঘর্ষিক এবং বিধিসম্মত নয় বলে দাবি করা হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, এমন পদায়নের ফলে মন্ত্রণালয়ের এ্যালোকেশন অব বিজনেস অনুযায়ী দায়িত্ব ও কর্তব্য পালনে জটিলতা ও প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে, যা কারও জন্য কাম্য নয়। এ অবস্থায় দ্রুত প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনকে পদ থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়।

এছাড়া পার্বত্য চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে কাউকে পদায়ন না করা এবং চুক্তি বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন করে যথাযথ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের দাবিও জানানো হয়।

স্মারকলিপিতে সাবেক সংসদ সদস্য ও সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহসভাপতি ঊষাতন তালুকদার, পাহাড়ি নেতা প্রকৃতি রঞ্জন চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন রাঙামাটির সভাপতি বিজয় কেতন চাকমা, জুম ইসথেটিকস কাউন্সিলের সভাপতি শিশির চাকমা, ইন্টু মনি চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি ভবতোষ দেওয়ানসহ আইনজীবী, হেডম্যান, লেখক, সংস্কৃতি কর্মী, সমাজকর্মী ও সাংবাদিকসহ মোট ৬১ জন পার্বত্য চট্টগ্রামের স্থায়ী অধিবাসীর পক্ষে স্বাক্ষর করেন।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করেছেন এবং পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধান প্রত্যাশা করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।