সাজেকে শতাধিক দুস্থ পরিবারের মাঝে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
সাজেকে পবিত্র রমজান মাস উপলক্ষে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী।

বিজিবি সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসে মানবিক সহায়তার অংশ হিসেবে স্থানীয় অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে এসব ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল দুধ, চিনি, সেমাই, ছোলা এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, যা রমজানে ইফতার প্রস্তুতে সহায়ক হবে।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনাও তাদের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। এরই ধারাবাহিকতায় রমজান মাসে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়নের বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবুল, বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহায়তা পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রমজান মাসে এ ধরনের সহযোগিতা তাদের জন্য অত্যন্ত সহায়ক এবং এতে দরিদ্র পরিবারগুলো কিছুটা স্বস্তি পেয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।