রাঙামাটিতে এনসিপির সাত শীর্ষ নেতার পদত্যাগ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কমিটির সাতজন শীর্ষ নেতা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে তাদের পদত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পদত্যাগ করা নেতারা হলেন—রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জ্বল চাকমা, সাংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা ও মিশন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দপ্তর সম্পাদক প্রণয় বিকাশ চাকমা, সদস্য বিনয় চাকমা ও সদস্য সুলেখা চাকমা।
পদত্যাগ করা নেতারা জানান, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে সরে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি তাদের স্বতন্ত্র আদর্শ পরিত্যাগ করে একটি বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করেছে। এ অবস্থায় সেই আদর্শের সঙ্গে একমত হওয়া এবং তা অনুসরণ করা তাদের পক্ষে সম্ভব নয় বলে উল্লেখ করে তারা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রের লিখিত কপিগুলো সংশ্লিষ্ট নেতারা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
পদত্যাগ করা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জ্বল চাকমা তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, “অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছিলাম। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে দলটিকে একসময় বহুমাত্রিক ও বহুত্ববাদে বিশ্বাসী একটি রাজনৈতিক শক্তি মনে হয়েছিল। কিন্তু সাম্প্রতিক জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলটি তার স্বতন্ত্র আদর্শ থেকে সরে এসে একটি বৃহৎ দলের সঙ্গে জোট গঠন করেছে। এ অবস্থায় সেই আদর্শকে লালন করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আজ থেকে জাতীয় নাগরিক পার্টির সব সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি এবং দলীয় পদ থেকেও পদত্যাগ করছি।”
তবে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে উজ্জ্বল চাকমার মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।
এ বিষয়ে এনসিপি রাঙামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কিছু নেতার পদত্যাগের খবর শুনেছেন। তবে তার কাছে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে লিখিত পদত্যাগপত্র জমা দেননি। বিষয়টি সাংগঠনিকভাবে খতিয়ে দেখা হবে বলেও তিনি জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।