ন্যাশনাল ডিফেন্স কোর্স–২০২৬ এর অংশগ্রহণকারীদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন
![]()
নিউজ ডেস্ক
মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স–২০২৬’ এর অংশগ্রহণকারী সামরিক ও বেসামরিক কর্মকর্তারা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) ঢাকার শেরেবাংলা নগরস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এ পরিদর্শন কর্মসূচিতে বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশের মোট ৯৮ জন সামরিক ও বেসামরিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিনিধি দলের প্রধান হিসেবে এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ এবং এনডিসির ফ্যাকাল্টি মেম্বার ও স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম ও দায়িত্বসমূহ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়। পরে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের সঙ্গে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতিমালা ও সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
সংশ্লিষ্টরা জানান, ন্যাশনাল ডিফেন্স কোর্সের অংশ হিসেবে এ ধরনের পরিদর্শন কর্মসূচি অংশগ্রহণকারী সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের কৌশলগত দৃষ্টিভঙ্গি, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবধর্মী ধারণা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।