মিয়ানমার সীমান্তে মাদক রোধে মিজোরামে ৩ বছরব্যাপী অভিযান শুরু
![]()
নিউজ ডেস্ক
ভারতের মিজোরাম রাজ্যের লংতলাই জেলা প্রশাসন ১০ এপ্রিল ‘নেশামুক্ত ভারত অভিযান’-এর আওতায় তিন বছরব্যাপী মাদকবিরোধী কর্মসূচি শুরু করেছে। সীমান্তবর্তী এই জেলায় মাদক অপব্যবহার ও চোরাচালান নিয়ন্ত্রণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
লংতলাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লাই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের প্রধান নির্বাহী সদস্য সি লালসাওমজুয়ালা।
জেলার মোট ১৭৮টি গ্রামকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে, যেগুলোর অনেকগুলোই মিয়ানমার সীমান্তসংলগ্ন। এসব এলাকা মাদক চোরাচালানের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হওয়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সি লালসামজুয়ালা বলেন, সীমান্তের নিকটবর্তী হওয়ায় এ জেলায় মাদক প্রবেশের ঝুঁকি বেশি। এ সমস্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, মাদকমুক্ত জেলা গড়ে তুলতে সরকারি সংস্থা, গ্রাম পরিষদ, বেসরকারি সংগঠন ও গির্জাসহ সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
লংতলাইয়ের ডেপুটি কমিশনার ডনি লালরুয়াতসাঙ্গা জানান, কর্মসূচি বাস্তবায়নে একাধিক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকার থেকে অর্থায়নও নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, মিজোরাম রাজ্যের সঙ্গে মিয়ানমারের চিন প্রদেশের প্রায় ৫১০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্তজুড়ে লংতলাই ও চাম্পাইসহ ছয়টি জেলা অবস্থিত। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব সীমান্তবর্তী জেলায় লক্ষ্যভিত্তিক উদ্যোগ গ্রহণই মাদক চোরাচালান ও অপব্যবহার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই কর্মসূচি মূলত ঝুঁকিপূর্ণ সীমান্ত জেলাগুলোতে মাদক প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং পুনর্বাসন কার্যক্রম জোরদারের বৃহত্তর পরিকল্পনার অংশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।