ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা ইতালির
![]()
নিউজ ডেস্ক
ইসরাইলের সঙ্গে করা একটি প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ইতালি। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘোষণা দেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
স্থানীয় সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, ইসরাইলের সঙ্গে করা ওই প্রতিরক্ষা চুক্তিতে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি গবেষণার বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে। আজ ভেরোনায় এক অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে মেলোনি বলেন, ‘আমরা যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছি তা বিবেচনা করে সরকার ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’
চলমান আন্তর্জাতিক পরিস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে মেলোনি ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা এগিয়ে নিতে এবং উত্তেজনা স্থিতিশীল করার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এর মধ্যে বিশেষ করে হরমুজ প্রণালী ফের খুলে দেয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি। তিনি বলেন, এটা শুধু জ্বালানি সরবরাহের জন্যই নয়, সারের জন্যও অত্যাবশ্যক। সেই সেঙ্গ তার সরকারের জ্বালানি নীতি প্রসঙ্গেও কথা বলেন তিনি।
রুশ গ্যাসের ওপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার প্রশ্নে মেলোনি বলেন, মস্কোর ওপর অর্থনৈতিক চাপ একটি প্রধান হাতিয়ার হিসেবেই থাকবে। তার কথায়, ‘আমাদের ভুলে গেলে চলবে না যে, সাম্প্রতিক বছরগুলোতে আমরা রাশিয়ার ওপর যে অর্থনৈতিক চাপ প্রয়োগ করেছি, শান্তি প্রতিষ্ঠার জন্য সেটিই আমাদের সবচেয়ে কার্যকর অস্ত্র।’ তিনি আরও বলেন, ২০২৭ সালের শুরুর দিকে এ বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করছেন তিনি।
ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অপমানজনক মন্তব্যেরও সমালোচনা করেন মেলোনি। ট্রাম্পের মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে এবং পোপ লিও-র প্রতি সংহতি প্রকাশ করে তিনি বলেন, এমন সমাজে তিনি স্বস্তি বোধ করবেন না যেখানে ধর্মীয় নেতারা রাজনৈতিক নির্দেশ মেনে চলেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মেলোনি ওয়াশিংটনকে একটি কৌশলগত মিত্র হিসেবে বর্ণনা করলেও জোর দিয়ে বলেন যে, মিত্রদের অবশ্যই ভিন্নমত প্রকাশের মানসিকতা থাকতে হবে। তিনি বলেন, ‘যখন আপনারা বন্ধু ও মিত্র হন, বিশেষ করে কৌশলগত মিত্র, তখন ভিন্নমত প্রকাশের সাহসও আপনাদের থাকতে হবে।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।