মণিপুরে ৫ জেলায় মোবাইল ইন্টারনেট বন্ধের মেয়াদ বাড়লো, গুজব রোধে কড়াকড়ি

মণিপুরে ৫ জেলায় মোবাইল ইন্টারনেট বন্ধের মেয়াদ বাড়লো, গুজব রোধে কড়াকড়ি

মণিপুরে ৫ জেলায় মোবাইল ইন্টারনেট বন্ধের মেয়াদ বাড়লো, গুজব রোধে কড়াকড়ি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গুজব ছড়ানোর আশঙ্কার কথা উল্লেখ করে পাঁচ জেলায় মোবাইল ইন্টারনেট ও ডাটা সেবা বন্ধের মেয়াদ আরও দুই দিন বাড়িয়েছে রাজ্য সরকার। নতুন আদেশ অনুযায়ী, ১৪ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ২টা থেকে ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবল, কাকচিং ও বিষ্ণুপুর জেলায় এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সরকারি আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকাগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ৭ এপ্রিল দুপুর ২টা থেকে তিন দিনের জন্য ওই পাঁচ জেলায় মোবাইল ইন্টারনেট ও ডাটা সেবা বন্ধ করা হয়েছিল, যা পরবর্তীতে ধাপে ধাপে নিয়ন্ত্রিতভাবে ব্রডব্যান্ড সেবা—ইন্টারনেট লিজড লাইন (আইএলএল) ও ফাইবার-টু-দ্য-হোম (এফটিটিএইচ)—আংশিক চালু করা হয়।

তবে সর্বশেষ আদেশে বলা হয়, মোবাইল ডাটা ট্রাফিক কার্যকরভাবে নিয়ন্ত্রণের বর্তমান ব্যবস্থাগুলো এখনও পর্যাপ্ত নয়। ফলে মোবাইল ইন্টারনেট চালু রাখলে তা অপব্যবহারের ঝুঁকি রয়েছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আদেশে আরও উল্লেখ করা হয়, এ ধরনের ভুয়া তথ্য ও গুজবের মাধ্যমে লোকজনকে বিক্ষোভ বা সমাবেশে উসকানি দেওয়া হতে পারে, যা সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সরকারি-বেসরকারি সম্পদের ক্ষতির কারণ হতে পারে। পাশাপাশি বাল্ক মেসেজিং সেবার অপব্যবহার করে উত্তেজনা বাড়ানোর আশঙ্কাও রয়েছে।

২০২৪ সালের টেম্পোরারি সাসপেনশন অব টেলিকমিউনিকেশন সার্ভিসেস রুলসের ৩ নম্বর বিধি অনুযায়ী জরুরি ভিত্তিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সরকার। উদ্ভূত পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে একতরফাভাবে (এক্স পার্টে) এ আদেশ জারি করা হয়েছে।

সরকার জানিয়েছে, জনসচেতনতার জন্য এ নির্দেশনা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচার করা হবে। একই সঙ্গে নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মণিপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ধারাবাহিকভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *