এনডিসিতে ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’ সমাপ্ত, সনদ পেলেন ৪৫ ফেলো
![]()
নিউজ ডেস্ক
মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ-এ তিন সপ্তাহব্যাপী নিবিড় কৌশলগত নেতৃত্ব প্রশিক্ষণ ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

কোর্সটিতে মোট ৪৫ জন ফেলো অংশগ্রহণ করেন।
তাদের মধ্যে সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক ও পুলিশ কর্মকর্তা, খ্যাতনামা শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধি, কূটনীতিক এবং করপোরেট খাতের নেতৃবৃন্দ অন্তর্ভুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান কোর্স সফলভাবে সম্পন্ন করায় সকল ফেলোকে অভিনন্দন জানান এবং জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংবিধানিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে কলেজের কমান্ড্যান্ট লেঃ জেনারেল মোঃ ফয়জুর রহমান জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত সংলাপ ও ঐকমত্য গঠনের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, কোর্স চলাকালে ফেলোদের সক্রিয়, চিন্তাশীল ও পারস্পরিক শ্রদ্ধাশীল অংশগ্রহণ কৌশলগত বোঝাপড়া বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন খাতের নেতৃত্বের মধ্যে একটি শক্তিশালী জাতীয় নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়ক হয়েছে।
উল্লেখ্য, ন্যাশনাল ডিফেন্স কলেজের অন্যতম প্রধান এই কোর্সটি কৌশলগত সচেতনতা বৃদ্ধি, সমালোচনামূলক চিন্তাধারা বিকাশ, আন্তঃবিষয়ক সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত হয়ে থাকে।

সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী ও বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনডিসির অনুষদ সদস্য ও স্টাফবৃন্দসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।