১ বছর পর চালু হল টেকনাফ স্থলবন্দর, মিয়ানমার থেকে এল কাঠবোঝাই ট্রলার
![]()
নিউজ ডেস্ক
দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর অবশেষে টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্য আবারও শুরু হয়েছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও বন্দর-সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে।
শুক্রবার (১ মে) দুপুরে মিয়ানমারের মংডু এলাকা থেকে কাঠবোঝাই একটি বোট টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়। বোটটি সকালেই রওনা হয়ে দুপুর আনুমানিক দেড়টার দিকে বন্দরে নোঙর করে।
বন্দর সূত্রে জানা গেছে, বোটটিতে মোট ৯৬৩ পিস কাঠ রয়েছে। এর মধ্যে ৫২০ পিস চম্পাফুল ও ৪৪৩ পিস গর্জন কাঠ। বর্তমানে কাঠগুলো খালাসের কাজ চলছে।
বন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফ শাখার মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে টেকনাফ স্থলবন্দরে দীর্ঘদিন ধরে কাজ করা শ্রমিক ও দৈনিক মজুরিভিত্তিক কর্মীরা বাণিজ্য পুনরায় শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।
বন্দরে কাঠ খালাস কাজে নিয়োজিত শ্রমিক সেলিম কায়সার বলেন, “বন্দর বন্ধ থাকায় আমরা অনেক দিন কাজ ছাড়াই ছিলাম। এখন আবার জাহাজ এসেছে, কাজ শুরু হয়েছে এটাই আমাদের জন্য বড় স্বস্তি।”
মিজানুর রহমান বলেন, “আমাদের সংসার চলে এই আয়ের ওপর। বাণিজ্য বন্ধ থাকলে খেয়ে না খেয়ে দিন পার করতে হয়। এখন অন্তত কাজের সুযোগ ফিরে এসেছে।”

স্থানীয় আরও কয়েকজন শ্রমিক বলেন, সীমান্ত বাণিজ্য পুরোপুরি সচল থাকলে তাদের জীবিকা আরও স্থিতিশীল হবে এবং দীর্ঘদিনের আর্থিক চাপ কিছুটা হলেও কমবে।
কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বন্দর পরিদর্শনে করেন।
এসময় তিনি বলেন, “নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব গ্রহণের দুই মাসের মধ্যেই বাণিজ্য চালু হয়েছে। এতে বৈধ ব্যবসা সম্প্রসারিত হবে এবং সরকারের রাজস্ব আয় বাড়বে।”
সিএন্ডএফ এজেন্ট এফআরবি ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ওমর ফারুক বলেন, দীর্ঘদিন পর আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় ব্যবসায়ীরা নতুন করে আশা দেখছেন। এতে ক্ষতির কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
টেকনাফ সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হাছানসহ স্থলবন্দরে নিয়োজিত ব্যক্তিরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এর আগে গত ১৪ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন। সেসময় তিনি দ্রুত বাণিজ্য সচল করার আশ্বাস দেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।