লিপুলেখ পাস ঘিরে ফের উত্তেজনা: নতুন করে নেপাল-ভারত সীমান্ত বিরোধ

লিপুলেখ পাস ঘিরে ফের উত্তেজনা: নতুন করে নেপাল-ভারত সীমান্ত বিরোধ

লিপুলেখ পাস ঘিরে ফের উত্তেজনা: নতুন করে নেপাল-ভারত সীমান্ত বিরোধ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নেপাল ও ভারতের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ আবারও নতুন করে তীব্র আকার ধারণ করেছে। বিতর্কিত লিপুলেখ পাস দিয়ে ধর্মীয় তীর্থযাত্রা পুনরায় চালুর ভারতের ঘোষণাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে।

রোববার (৩ মে) নেপাল-এর পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ভারতের পদক্ষেপকে ‘একতরফা’ হিসেবে আখ্যা দেয়। নেপাল তাদের প্রতিবাদপত্রে জানায়, লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানি অঞ্চল ঐতিহাসিকভাবে তাদের ভূখণ্ডের অংশ এবং এ বিষয়ে তাদের অবস্থান “স্পষ্ট ও দৃঢ়”।

নেপালের দাবি অনুযায়ী, ১৮১৬ সালের সুগৌলি চুক্তি অনুসারে দেশটির পশ্চিম সীমান্ত নির্ধারিত হয়েছিল, যেখানে উল্লিখিত অঞ্চলগুলো নেপালের অন্তর্ভুক্ত। তবে ভারতের পক্ষ থেকে এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করা হয়েছে।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৯৫৪ সাল থেকে লিপুলেখ পাস ব্যবহার করে হিন্দু, বৌদ্ধ, জৈন ও বন ধর্মাবলম্বীরা কৈলাস পর্বত ও মানস সরোবর হ্রদ-এ তীর্থযাত্রা করে আসছেন। তাদের মতে, এটি নতুন কোনো উদ্যোগ নয় এবং নেপালের দাবি ঐতিহাসিকভাবে গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে একতরফাভাবে ভূখণ্ডের দাবি বাড়ানোও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে দিল্লি।

উল্লেখ্য, ২০২০ সালে কোভিড-১৯ মহামারির কারণে বন্ধ থাকা এই তীর্থযাত্রা পুনরায় চালুর সিদ্ধান্ত নেয় ভারত, যা চীন-এর সঙ্গে সমঝোতার ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৫০০ তীর্থযাত্রী ভারতের উত্তরাখণ্ড হয়ে লিপুলেখ পাস দিয়ে তিব্বতে প্রবেশ করবেন। পাশাপাশি বিকল্প হিসেবে সিকিম রুটও ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে এবং নেপাল-ভারত সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

প্রসঙ্গত, লিপুলেখ পাসকে কেন্দ্র করে নেপাল ও ভারতের বিরোধ বহু পুরনো হলেও সাম্প্রতিক এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের নতুন এক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *