আলীকদমের ৩ বিদ্যালয়ে না এসেও বেতন তুলেছেন ১৩ শিক্ষক, বিভাগীয় মামলার অনুমোদন
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও বেতন-ভাতা তোলার অভিযোগে ১৩ জন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন দেওয়া হয়েছে। অভিভাবকদের অভিযোগের পর তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় এ ব্যবস্থা নেওয়া হয়।
গত মঙ্গলবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ-এর চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এ অনুমোদন দেন। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিনয় চাকমা।
অভিযুক্ত শিক্ষকরা তিনটি বিদ্যালয়ের—রেংপু হেডম্যান পাড়া, রাইতুমনি পাড়া এবং মেনকেউ মেনক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। তাদের মধ্যে একজন প্রধান শিক্ষক, একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং ১১ জন সহকারী শিক্ষক রয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল উদ্দিন জানান, ২০২৪ সালে এসব বিদ্যালয়ে অনুপস্থিতি, অনিয়মিত উপস্থিতি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর জেলা প্রাথমিক শিক্ষা অফিস বিভাগীয় মামলার আবেদন করে, যা জেলা পরিষদ অনুমোদন দেয়।
এ বিষয়ে চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, তদন্তে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। সেই প্রমাণের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।