কক্সবাজারের চকরিয়ায় মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এদিন ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা মোহাম্মদ ইদ্রিস পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের আগে মসজিদসংলগ্ন তার থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
খুটাখালী ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আজিম বলেন, দীর্ঘদিন ধরে ইমামতি করে আসা মাওলানা ইদ্রিসের এমন মৃত্যু মর্মান্তিক ও রহস্যজনক। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি উঠেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। কারণ তার থাকার কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। এছাড়া কক্ষে বাইরে থেকে প্রবেশের কোনো আলামত পায়নি পুলিশ।”
তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।