চুক্তি বাস্তবায়নে কালক্ষেপণ করলে ফলাফল সময়ই বলে দেবে- রাঙামাটিতে ঊষাতন তালুকদার
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, “আমরা আপনাদের ভোট দিয়েছি। আমাদের জন্য প্রতিদানে কী করবেন সেটি আপনাদের ব্যাপার। চুক্তি বাস্তবায়ন নিয়ে কালক্ষেপণ করলে ফলাফল কী হবে সেটি সময়ই বলে দেবে। বল আপনাদের কোর্টে, আপনারাই সিদ্ধান্ত নিন।”
বুধবার সকালে কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র ও জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে ঊষাতন তালুকদার আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন নিয়ে কোনো ধরনের তালবাহানা সহ্য করা হবে না। “যেকোনো মূল্যে পার্বত্য চুক্তি আদায় করে ছাড়বো, কোনো শিথিলতা দেওয়া হবে না। এ বিষয়ে নো এক্সকিউজ,”—বলেন তিনি।

“সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র সমাজ অধিকতর সামিল হোন” — এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ-এর সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, শিক্ষাবিদ শিশির কান্তি চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহির শাহরিয়ার রেজা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি রুমেন চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উলিসিং মারমা প্রমুখ।
এর আগে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।