জেএসএস নেতৃত্বাধীন পিসিপি’র ৩০তম কেন্দ্রীয় কাউন্সিলে সভাপতি জিকো, সম্পাদক অন্তর
![]()
নিউজ ডেস্ক
“সকল প্রকার ষড়যন্ত্রকে প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র সমাজ অধিকতর সামিল হউন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)-এর ৩০তম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে ২০২৬) রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিলে তিন পার্বত্য জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, থানা, কলেজ ও বিভিন্ন ইউনিট থেকে প্রায় তিন শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশগ্রহণ করেন।
প্রথম অধিবেশনে পিসিপি কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অন্তর চাকমার সঞ্চালনায় এবং কেন্দ্রীয় সহ-সভাপতি জগদীশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর সহ-সভাপতি ঊষাতন তালুকদার। সভার শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তব্যে ঊষাতন তালুকদার বলেন, ছাত্র সমাজকে রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে আদর্শ ও ত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকারের সংগ্রামকে শাণিত করাই বর্তমান বাস্তবতায় ছাত্র সমাজের প্রধান দায়িত্ব।
দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুপ্রিয় তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় এবং সভাপতি রুমেন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেএসএস-এর সহ-ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক আশিকা চাকমা।
অধিবেশনে বিদায়ী কমিটির পক্ষ থেকে ১৩ দফা প্রস্তাবনা উত্থাপন করা হয়, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
কাউন্সিলে বিদায়ী কমিটির জগদীশ চাকমা ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি প্রস্তাব করেন, যা উপস্থিত প্রতিনিধিদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জিকো চাকমা, সাধারণ সম্পাদক অন্তর চাকমা এবং সাংগঠনিক সম্পাদক সৈসানু মারমা। পরে বিদায়ী কমিটির সহ-সভাপতি জগদীশ চাকমা নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
সভা শেষে বিদায়ী সভাপতি রুমেন চাকমার দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে কাউন্সিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।