শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবার পেল ২০ লাখ টাকার সঞ্চয়পত্র
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) দিনব্যাপী কক্সবাজার সফরের অংশ হিসেবে পেকুয়ায় গিয়ে তিনি শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
কবর জিয়ারতের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সংসদ সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শহীদ ওয়াসিম আকরামের মা জোসনা বেগমের হাতে ২০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র তুলে দেন। এ সময় শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলমসহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের ত্যাগ দেশের ইতিহাসে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এ সময় পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শহীদ ওয়াসিম আকরামের স্মৃতি সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তারা।
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার দিনব্যাপী কক্সবাজার সফরে একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সফরের অংশ হিসেবে তিনি পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন, ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং জনসভায় অংশগ্রহণসহ গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।