দীঘিনালায় পাহাড়ী ছাত্র পরিষদের থানা ও কলেজ শাখার কাউন্সিল অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
জেএসএস (এম এন লারমা) সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)-এর ২৬তম দীঘিনালা থানা শাখা, দীঘিনালা সরকারি কলেজ শাখা এবং ১ম কুজেন্দ্র মল্লিকা কলেজ শাখার যৌথ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সুবরন চাকমাকে সভাপতি, জয় চাকমাকে সাধারণ সম্পাদক এবং সুমন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে দীঘিনালা থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ১০টায় দীঘিনালা জনসংহতি সমিতির কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)-এর কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিজেএসএসের কেন্দ্রীয় সদস্য প্রীতিময় চাকমা, সাবেক ছাত্রনেতা ও পিসিজেএসএস খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমা (জুকি), জনসংহতি সমিতির দীঘিনালা থানা শাখার সাধারণ সম্পাদক সমীর চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা (ঝিমিট), কেন্দ্রীয় সভাপতি সুনেন্টু চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের আহ্বায়ক মায়া চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কাউন্সিলের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি সুদর্শন চাকমা। পরে পিসিপির দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সংগঠনের পতাকা উত্তোলন করেন বিদায়ী দীঘিনালা থানা শাখার সভাপতি বিবেক চাকমা।

বিদায়ী সভাপতি বিবেক চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সঞ্চালনা করেন সুবরন চাকমা। স্বাগত বক্তব্য দেন বিদায়ী থানা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন চাকমা।
পরে পিসিপির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সুকেশ চাকমা প্যানেল উপস্থাপন ও শপথ বাক্য পাঠ করান। কাউন্সিলের মাধ্যমে দীঘিনালা থানা শাখার ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে সুবরন চাকমাকে সভাপতি, জয় চাকমাকে সাধারণ সম্পাদক এবং সুমন চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া দীঘিনালা সরকারি কলেজ শাখার ১৭ সদস্যবিশিষ্ট কমিটিতে সুশীল চাকমাকে সভাপতি, পূর্ণ চাকমাকে সাধারণ সম্পাদক এবং পূর্ণ লক্ষণ দেওয়ানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
অপরদিকে ১ম কুজেন্দ্র মল্লিকা কলেজ শাখার ১৭ সদস্যবিশিষ্ট কমিটিতে রিবেল চাকমাকে সভাপতি, গেনো চাকমাকে সাধারণ সম্পাদক এবং লক্ষীবাবু চাকমাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কাউন্সিলে বক্তারা শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা আন্দোলন এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে বক্তব্য রাখেন। তারা সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা শিক্ষার্থী সমাজকে ঐক্যবদ্ধ করে পার্বত্য চট্টগ্রামের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।