বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বরকল বাজার পাবলিক ক্লাবকে স্মার্ট টিভি উপহার দিল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে রাঙামাটির বরকল উপজেলার বরকল বাজার পাবলিক ক্লাবকে একটি ৩২ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি অনুদান দিয়েছে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)। সামাজিক সম্প্রীতি, জনকল্যাণ এবং উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের’ আওতায় এ অনুদান প্রদান করা হয়।
রবিবার (১৪ জুন) বরকল উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে বরকল ব্যাটালিয়নের পক্ষ থেকে ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু বকর এবং অন্যান্য সদস্যদের হাতে স্মার্ট টিভিটি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্লাব সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তারা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক বন্ধন এবং সম্প্রীতি আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুদান প্রদানকালে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমান বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পরিবেশ বজায় রাখতে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক, মানবিক এবং সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
তিনি বলেন, আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে স্থানীয় জনগণ যাতে একসঙ্গে খেলা উপভোগ করতে পারেন এবং বিনোদনের পাশাপাশি তথ্যপ্রযুক্তির সুবিধাও গ্রহণ করতে পারেন, সেই লক্ষ্যেই বরকল বাজার পাবলিক ক্লাবকে স্মার্ট টিভিটি প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ, গোত্র ও জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে একত্রিত করার ক্ষেত্রে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই টিভির মাধ্যমে স্থানীয় মানুষ বিশ্বকাপের ম্যাচ উপভোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ নিতে পারবেন।
বিজিবির অধিনায়ক জনগণ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে বলেন, পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। বিজিবির দেওয়া স্মার্ট টিভির মাধ্যমে সবাই একসঙ্গে খেলা উপভোগ করতে পারবেন, যা সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতেও সহায়ক হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।