বাঘাইছড়িতে বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে প্রধান শিক্ষকের মৃত্যু

বাঘাইছড়িতে বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে প্রধান শিক্ষকের মৃত্যু

বাঘাইছড়িতে বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে প্রধান শিক্ষকের মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত চাকমা দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে থাকাকালীন তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও তিনি বিদ্যালয়ে এসে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শিক্ষক ও কর্মচারীরা তাকে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন বলেন, “সকালে প্রশান্ত চাকমাকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।”

মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হামিদ জানান, প্রশান্ত চাকমার বাড়ি বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি নিউ লাইল্যাঘোনা এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে উগলছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শিক্ষা বিস্তারে তার অবদান এবং সৎ ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে এলাকায় তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনসাধারণের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, প্রশান্ত চাকমা একজন দায়িত্বশীল, মানবিক ও নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে শুধু উগলছড়ি উচ্চ বিদ্যালয় নয়, পুরো এলাকার শিক্ষা অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।