দুর্গম সীমান্তে পাহাড়ি জনগোষ্ঠীর ২’শ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী এলাকায় বসবাসরত চিকিৎসা বঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে মঙ্গলবার (১৬ জুন) থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ওয়াংরাইপাড়া ও লিকড়ী সীমান্ত এলাকায় বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় আয়োজিত এ ক্যাম্পে দুর্গম পাহাড়ি অঞ্চলের শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পে বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ মেডিকেল টিম রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

ক্যাম্পেইনের আওতায় ওয়াংরাইপাড়া বিওপির দায়িত্বপূর্ণ ত্রিমতি কারবারীপাড়া, মাইস্প্রে কারবারীপাড়া, রাইচং কারবারীপাড়া ও হরিচন্দ্র কারবারীপাড়া এবং লিকড়ী বিওপির দায়িত্বপূর্ণ ত্রিপুরা পাড়া, মরং পাড়া ও নুম পাড়ার চিকিৎসা বঞ্চিত স্থানীয় জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়। এতে নারী, পুরুষ ও শিশুসহ ২০০ জনের অধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য চিকিৎসাসেবা গ্রহণ করেন।
চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পুষ্টি, মাতৃস্বাস্থ্য, শিশুরোগ প্রতিরোধ এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কেও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা কেন্দ্রের স্বল্পতা এবং যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়ে। ফলে বিজিবির এ ধরনের উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক ও উপকারী।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত জনগণের জীবনমান উন্নয়ন ও কল্যাণে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। শিক্ষা সহায়তা, চিকিৎসাসেবা, ত্রাণ বিতরণ এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের পাশে থাকার চেষ্টা করছে বাহিনীটি।
সংশ্লিষ্টরা মনে করছেন, দুর্গম সীমান্ত এলাকায় এ ধরনের মেডিকেল ক্যাম্প স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষের চিকিৎসা প্রাপ্তি সহজ করার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।