ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও মুছাপুর ক্লোজার পুননির্মাণ প্রকল্প অনুমোদন দিলো একনেক
![]()
নিউজ ডেস্ক
২০২৪ সালের ভয়াবহ বন্যার পর থেকে আলোচনা হয়ে আসছে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও মুছাপুর ক্লোজার পুননির্মাণ প্রকল্প নিয়ে। অন্তর্বর্তী সরকারের সময় এই প্রকল্পের সামগ্রিক প্রস্তুতি শেষ হলেও শুধু বাকি ছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর অনুমোদন। অবশেষে ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) প্রকল্পটিসহ ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকার ৫টি প্রকল্প অনুমোদন দিলো একনেক। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা ।
মঙ্গলবার (১৬ জুন) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন জনাব তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প তিনটি ও সংশোধিত প্রকল্প দুইটি।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলো মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প ‘Supporting Infrastructure Project for Chinese Economic and Industrial Zone’। পানি সম্পদ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প, ১. ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) প্রকল্প, ২. করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প ও ৩. পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা (১ম সংশোধন) প্রকল্প এবং শিক্ষা মন্ত্রণালয়ের ‘১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্প।
সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত চারটি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় জানানো হয়। সেগুলো হলো, ১. বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, ২. নৌবাহিনী স্কুল এন্ড কলেজ সাভার স্থাপন প্রকল্প, ৩. বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমসেরনগর বিদ্যমান বিএএফ শাহীন কলেজের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাদান সক্ষমতা বৃদ্ধির জন্য ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্প ও ৪. প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ক্রিপিটক শিক্ষা কার্যক্রম ৪র্থ পর্যায় প্রকল্প।
সভায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ; শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।