বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন করলেন বিমান বাহিনী প্রধান
![]()
নিউজ ডেস্ক
দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনীর ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বাংলাদেশ বিমান বাহিনী সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৩ জুন দেশব্যাপী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” মহাকর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর এ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রম জোরদারে বিমান বাহিনী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।
কর্মসূচির আওতায় বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি, ইউনিট এবং বিমান বাহিনী পরিচালিত সকল স্কুল ও কলেজ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গুণসম্পন্ন বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এছাড়া বিমান বাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় দেশের উপকূলীয় অঞ্চল এবং পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বিশেষ বনায়ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে ‘সীডবল’ (বীজসমৃদ্ধ মাটির বল) নিক্ষেপ করে বীজ ছড়িয়ে দেওয়ার কার্যক্রম পরিচালনা করা হবে।
বিমান বাহিনী সূত্রে আরও জানা যায়, এর আগেও দেশের বিভিন্ন প্রত্যন্ত ও উপকূলীয় এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে সীডবল নিক্ষেপ করে সফলভাবে বনায়ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। চলতি বছরও সেই কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় বিমান সদর দপ্তরের পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিমান বাহিনী আশা করছে, এ কর্মসূচির মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।