ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস’ ও ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
![]()
নিউজ ডেস্ক
ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র’ ও ‘অস্ত্র এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র’ কিনতে যাচ্ছে ইন্দোনেশিয়া। মঙ্গলবার ভারতের একjজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এদিনই দুই দিনের সফরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে ভারতীয় একটি সূত্র জানিয়েছিল, প্রায় ৬৩ কোটি ডলার মূল্যের এ চুক্তিটি মোদির সফরেই সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
চুক্তি হলে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনা তৃতীয় দেশ হবে ইন্দোনেশিয়া। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে ব্রহ্মস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড এই ক্ষেপণাস্ত্র তৈরি করে।
এই চুক্তিকে ভারতের প্রতিরক্ষা রপ্তানির বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে চীনের সঙ্গে প্রতিযোগিতার প্রেক্ষাপটে এ চুক্তি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভারত ও রাশিয়ার যৌথভাবে তৈরি ব্রহ্মস বিশ্বের দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর একটি। এটি স্থল, সমুদ্র ও আকাশ—তিনটি প্ল্যাটফর্ম থেকেই উৎক্ষেপণ করা যায়।
অন্যদিকে, ‘অস্ত্র এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র’ ইন্দোনেশিয়া বিমানবাহিনীর রুশ নির্মিত সুখোই যুদ্ধবিমানে সংযুক্ত করা যাবে।
তবে এ বিষয়ে মন্তব্যের জন্য পাঠানো অনুরোধে ভারত সরকার তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। একইভাবে নয়াদিল্লিতে ইন্দোনেশিয়ার দূতাবাসও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
চলতি বছরের মার্চে ইন্দোনেশিয়া জানায়, ভারতের সঙ্গে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে তারা। সে সময় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ২০ থেকে ৩৫ কোটি ডলার মূল্যের এ চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
গত বছর পাকিস্তানের সঙ্গে সংঘাতে প্রথমবারের মতো ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারত। এরপর থেকেই এ ক্ষেপণাস্ত্রের প্রতি বিভিন্ন দেশের আগ্রহ বেড়েছে। এরই মধ্যে ভিয়েতনাম ও ফিলিপাইনের কাছে ব্রহ্মস বিক্রির চুক্তি করেছে ভারত। এছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ আগ্রহ দেখিয়েছে।
সফরকালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদি। বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ভারতীয় সূত্রের মতে, ব্রাহ্মস চুক্তির আওতায় ধাপে ধাপে ক্ষেপণাস্ত্র সরবরাহ, প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার বিষয়েও আলোচনা হবে।
২০২৪-২৫ অর্থবছরে ভারত ও ইন্দোনেশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ২ হাজার ৮১৫ কোটি ডলার। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের মধ্যে ইন্দোনেশিয়া বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।