কুমিল্লায় আনসার-ভিডিপি মহাপরিচালকের সেনা-আনসার যৌথ মহড়া পরিদর্শন
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ কুমিল্লায় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন সেনা-আনসার যৌথ মহড়া পরিদর্শন করেছেন। একই সঙ্গে তিনি বাহিনীর নতুন উদ্যোগ ‘সঞ্জীবন প্লাটুন’ গঠন ও ‘সঞ্জীবন’ প্রকল্প বাস্তবায়নের রূপরেখা তুলে ধরে সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রোববার (১২ জুলাই) সকালে তিনি কুমিল্লা রেঞ্জ কার্যালয়ে পৌঁছালে আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে ‘সঞ্জীবন’ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মহাপরিচালক বলেন, এককভাবে নয়, বরং দলগতভাবে কাজ করলেই সঞ্জীবন প্রকল্প সফল হবে। তিনি সদস্যদের উদ্দেশে বলেন, “ঐক্যবদ্ধভাবে টিম হিসেবে সঞ্জীবন প্রকল্পের বাস্তবায়নে কাজ করতে হবে, একা নয়।”
তিনি আরও বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সদস্যদের দলগতভাবে মাঠপর্যায়ে কাজ করতে হবে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ঝুঁকি ও লাভ-লোকসানকে যৌথভাবে মোকাবিলা করতে হবে এবং সম্মিলিত শক্তিকেই সবচেয়ে বড় সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে।
সৌরবিদ্যুৎভিত্তিক প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে মহাপরিচালক বলেন, যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে এই খাতে কাজ করলে দেশের বিদ্যুৎ ঘাটতি কমাতে যেমন ভূমিকা রাখা সম্ভব হবে, তেমনি সদস্যদের আর্থিক স্বাবলম্বিতাও বৃদ্ধি পাবে।

তিনি জানান, সঞ্জীবন প্রকল্পের মূলধন সংকট দূর করতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে গ্রুপভিত্তিক ঋণের ব্যবস্থা থাকবে। এতে বড় পরিসরে প্রকল্প বাস্তবায়ন সহজ হবে। পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে বাহিনীর ডিজিটাল সফটওয়্যার AVMIS-এ নিবন্ধিত সদস্যরাই এ প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এরপর মহাপরিচালক কুমিল্লার লালমাই উপজেলার পাহাড়ি এলাকায় উপজেলা/থানা আনসার ও সঞ্জীবন প্লাটুন সদস্যদের অংশগ্রহণে পরিচালিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেন।
প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টির মধ্যেও পরিচালিত এই মহড়ায় তিনি রেইড, অ্যামবুশ, আত্মগোপন, রোড ম্যাপিং, স্কেচ অঙ্কন এবং বাংকার নির্মাণসহ বিভিন্ন কৌশলগত প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি বলেন, টানা বৃষ্টি ও কর্দমাক্ত পরিবেশে টিকে থাকার অভিজ্ঞতাই সদস্যদের প্রকৃত দক্ষতায় পরিণত করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’-এর আলোকে গঠিত ভিডিপির মাধ্যমে জাতীয় প্রতিরক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণের যে ধারণা, এই যৌথ মহড়া তারই বাস্তব প্রতিফলন। ভবিষ্যতে জাতীয় নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
দুপুরে কুমিল্লা রেঞ্জ কার্যালয়ে মাঠপর্যায়ের ইউনিট প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে চলমান বন্যা পরিস্থিতি এবং উদ্ধার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন মহাপরিচালক। এ সময় তিনি যেকোনো দুর্যোগে দ্রুত সাড়া দেওয়া, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ তৎপর থাকার জন্য আনসার ও ভিডিপি সদস্যদের নির্দেশনা প্রদান করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।