পশ্চিমবঙ্গে গির্জায় হামলার প্রতিবাদে শুক্রবার ঢাকায় মানববন্ধন করবে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন
![]()
নিউজ ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে একটি নির্মাণাধীন গির্জায় হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন।
সংগঠনটির সভাপতি নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৭ জুলাই (শুক্রবার) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমবঙ্গে গির্জা ও খ্রিষ্টানদের ওপর হামলার প্রতিবাদ জানাতে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সংগঠনের সকল সদস্য-সদস্যা এবং দেশের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর এলাকার সুভাষগ্রামের বুড়ি বটতলায় একটি নির্মাণাধীন গির্জায় হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, হিন্দুদের প্রায় ১০০ জনের একটি সংঘবদ্ধ দল গির্জার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সদ্য নির্মিত দুটি পিলার ক্ষতিগ্রস্ত করে। এছাড়া তারা মই বেয়ে টিনের ছাদে উঠে স্থাপিত তিনটি ক্রুশ ভেঙে ফেলে এবং স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা বর্ণালী ভূঁইয়া ও উৎপল ঘোষ জানান, ঘটনার সময় গির্জাটিতে রং করার কাজ চলছিল। এ সময় একদল ব্যক্তি সেখানে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং ছাদে উঠে ক্রুশগুলো ভেঙে ফেলে।
জানা গেছে, গির্জাটি প্রেসবিটারিয়ান চার্চ অব ইন্ডিয়া-এর অধিভুক্ত। স্থানীয় প্রায় ৫০টি পরিবারের ১১৬ জন সদস্যের জন্য এটি নির্মাণ করা হচ্ছিল। এর আগে তারা একটি ভাড়া করা স্থানে ধর্মীয় প্রার্থনা করতেন। নিজেদের কেনা জমিতে চলতি বছরের মার্চ মাসে গির্জাটির নির্মাণকাজ শুরু হয়।
স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য গীতা হালদার বলেন, কারও কোনো আপত্তি থাকলে তারা প্রশাসনের কাছে যেতে পারতেন। কিন্তু নির্মাণাধীন উপাসনালয়ে এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।