দিল্লিতে বিমসটেক নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নেবেন প্রতিরক্ষা উপদেষ্টা
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেবে বাংলাদেশ। দুই দেশের মধ্যে নানা কূটনৈতিক জটিলতা থাকলেও এই বৈঠকে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈঠকে অংশ নিতে দিল্লি যাবেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম। আগামী ১৬ জুলাই এই বৈঠক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই বিষয়ে ইতোমধ্যে ভারত সরকারকে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ বিমসটেকের বর্তমান সভাপতি পদে আছে। সুতরাং, পদাধিকার বলেই এই বৈঠকে অংশ নিতে হবে। প্রতিরক্ষা উপদেষ্টার এই সফর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিংয়ে মূলত আঞ্চলিক নিরাপত্তাসহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক উদ্যোগ। এর লক্ষ্য ছিল— অর্থনীতি, প্রযুক্তি, পরিবহন, কৃষি, জলবায়ু পরিবর্তন, জঙ্গিবাদ দমন এবং দারিদ্র্য হ্রাসসহ নানাবিধ খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করা। বর্তমানে এই সংগঠনটি মোট ১৪টি খাতে কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য, পরিবহন ও সংযোগ, শক্তি বিনিময়, বিজ্ঞান ও প্রযুক্তি, পর্যটন এবং শিক্ষা খাত বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
বঙ্গোপসাগরকে কেন্দ্র করে গঠিত সাতটি দেশের একটি আঞ্চলিক জোট হলো বিমসটেক। ১৯৯৭ সালে ব্যাংককে ‘ব্যাংকক ঘোষণা’র মাধ্যমে এই জোটের জন্ম হয়। এর সদস্য রাষ্ট্রগুলো হলো— বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান ও নেপাল।
গত বছর কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। সিএসসি হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি বহুপক্ষীয় আঞ্চলিক নিরাপত্তা ফোরাম।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।