৪৬৭ জন পাহাড়ি ও বাঙালিকে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করল সেনাবাহিনীর দীঘিনালা জোন
![]()
জার্নাল প্রতিবেদক
দুর্গম পার্বত্যাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। নিরাপত্তা রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা জোন এবার বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে। এতে পাহাড়ি ও বাঙালি—উভয় সম্প্রদায়ের শত শত মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দিনব্যাপী দীঘিনালা জোনের উদ্যোগে ১ নং মেরুং ইউনিয়নের সোবহানপুর এলাকায় দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

ক্যাম্পে এলাকার নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় পরামর্শ এবং সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
চিকিৎসাসেবা প্রদান করেন দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মোহাম্মদ শায়খ উদ্দিন সাকলাইন। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ প্রদান করেন এবং বিভিন্ন রোগ প্রতিরোধে স্বাস্থ্যসচেতনতামূলক পরামর্শ দেন।

দীঘিনালা জোন সূত্রে জানা গেছে, দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে মোট ৪৬৭ জন চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে ১৪৭ জন পাহাড়ি এবং ৩২০ জন বাঙালি বাসিন্দা ছিলেন। দুর্গম এলাকায় একসঙ্গে এত বিপুলসংখ্যক মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করায় স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
স্থানীয়দের মতে, পাহাড়ি অঞ্চলের অনেক মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পৌঁছানো সহজ নয়। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এই ধরনের মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ। এতে দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে উপকৃত হচ্ছেন।

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, ‘সম্প্রীতি ও উন্নয়ন’ কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা ও আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও দুর্গম পার্বত্যাঞ্চলের মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।