‘ভেটেরানস বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ
![]()
জার্নাল ডেস্ক
দেশের সামরিক ও বেসামরিক বিভিন্ন সেবাখাতের চাকরি থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের দীর্ঘ অভিজ্ঞতা, অর্জিত দক্ষতা ও দেশপ্রেমকে সার্বিক উন্নয়ন ও সেবামূলক কাজে লাগানোর প্রত্যয়ে যাত্রা শুরু করেছে নতুন সংগঠন ‘ভেটেরানস বাংলাদেশ’।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়।
সংগঠনটির নেতারা জানান, সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক এই প্ল্যাটফর্মটির উদ্দ্যেশ্য একটি ঐক্যবোদ্ধ, সম্মানিত, স্বনির্ভর ও কল্যাণমুখী ভেটেরান সমাজ প্রতিষ্ঠা করা, যার জাতীয় উন্নয়ন, দেশ গঠন ও মানবকল্যাণে ইতিবাচক অবদান রাখবে। এছাড়া ভেটেরানদের মর্যাদা রক্ষা, জীবনমান উন্নয়ন এবং একটি শক্তিশালী ও ঐক্যবোদ্ধ ভেটেরান কমিউনিটি গড়ে তোলা।
ভেটেরানস বাংলাদেশের আহ্বায়ক মেজর (অব.) আমীন আহমেদ আফসারী সদস্যদের শপথবাক্য পাঠ করান এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
দেশ গঠনে ভেটেরানদের ভূমিকা শীর্ষক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল (অব.) আ ক ম জাহিদ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেজর (অব.) আব্দুর রাজ্জাক, মেজর (অব.) সিকদার, মেজর (অব.) ইউসুফ প্রমুখ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের অবসরপ্রাপ্ত ভেটেরানদের পারস্পরিক ঐক্য জোরদার করা, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং দেশের মানুষের সেবায় তাদের জ্ঞান ও নেতৃত্বের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই মিলনমেলায় অংশ নেন বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের ভেটেরান সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নাগরিক, গবেষক ও গণমাধ্যমকর্মীরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।