টেকনাফে কিশোরকে অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি
![]()
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে মো. আরফাত (১৩) নামে এক কিশোরকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে অজ্ঞাত অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছে পরিবার।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় পাহাড়ে মহিষ আনতে গেলে সে অপহরণের শিকার হয়।
অপহৃত মো. আরফাত শামলাপুর পুরানপাড়া এলাকার আব্দুল মাবুদের ছেলে।
আব্দুল মাবুদ বলেন, শুক্রবার পুরানপাড়া পাহাড়ের পাদদেশে মহিষ আনতে যাওয়ার পর থেকে আরফাতের খোঁজ মেলেনি। শনিবার সকালে একটি মোবাইল নাম্বার থেকে কল দিয়ে বলা হয় আরাফাতের মুক্তির বিনিময়ে ২০ লাখ টাকা দিতে হবে। এ ঘটনায় পরিবারের সদস্যদের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা আরফাতকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়েছে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদ জানান, স্থানীয় ইউপি সদস্য শফিউল কাদের কালু মেম্বার বিষয়টি তাদের জানিয়েছেন। এ ঘটনায় টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য বলা হয়েছে। আরফাতকে উদ্ধারে চেষ্টা চলছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী পরিবারের তথ্য অনুযায়ী, গত দেড় বছরে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৫০ জনের বেশি মানুষ অপহরণের শিকার হয়েছেন। তাদের অধিকাংশকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হলেও, কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং কিছু ভুক্তভোগী এখনো নিখোঁজ রয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।