বন্যাকবলিত ২০০ শিশুর মাঝে খাবার বিতরণ করল বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন
![]()
জার্নাল প্রতিবেদক
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকার ২০০ শিশুর মাঝে রান্না করা খাবার, বিস্কুট ও কেক বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ১১ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার কারণে নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এ দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা। স্বাভাবিক জীবনযাপন, শিক্ষা কার্যক্রম ও খেলাধুলা থেকে বিচ্ছিন্ন হয়ে তারা মানসিক চাপ ও নানা স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ে।
এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিজিবির মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) বন্যাকবলিত এলাকার ২০০ শিশুর মাঝে রান্না করা খাবার, বিস্কুট ও কেক বিতরণ করে। এ কার্যক্রমের উদ্দেশ্য ছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি তাদের মাঝে সাময়িক স্বস্তি ও আনন্দের অনুভূতি সৃষ্টি করা।
খাদ্যসামগ্রী বিতরণকালে ১১ বিজিবির অধিনায়ক শিশুদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক পরিস্থিতি, প্রয়োজনীয়তা ও বন্যাজনিত দুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী বিজিবির এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাহিনীটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ ও শিশুদের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।