ফটিকছড়িতে হরতালে অচল চট্টগ্রাম-খাগড়াছড়ি, ফেনী-খাগড়াছড়ি মহাসড়ক

ফটিকছড়িতে হরতালে অচল চট্টগ্রাম-খাগড়াছড়ি, ফেনী-খাগড়াছড়ি মহাসড়ক

ফটিকছড়িতে হরতালে অচল চট্টগ্রাম-খাগড়াছড়ি, ফেনী-খাগড়াছড়ি মহাসড়ক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

উপজেলা সদর দপ্তর নিয়ে বিরোধ ফটিকছড়ির নিজস্ব ইস্যু হলেও এর আঁচ গিয়ে পড়েছে খাগড়াছড়িগামী যাত্রীদের ওপরও। উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধে রবিবার সকাল থেকে কার্যত অচল হয়ে পড়েছে ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক, যে পথ ধরেই পাহাড়ি জেলাটির সঙ্গে সমতলের যোগাযোগ।

ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের ব্যানারে গত ২১ জুলাই রাতের সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচির ঘোষণা আসে। এর প্রভাবে দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি বন্ধ হয়ে গেছে সড়কপথে যান চলাচলও।

খাগড়াছড়িমুখী গহিরা-হেয়াকো সড়ক এবং ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল কার্যত বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা— যাদের মধ্যে আছেন খাগড়াছড়ি থেকে চট্টগ্রামমুখী কিংবা বিপরীত পথের নিয়মিত যাত্রীরাও।

সরেজমিনে দেখা যায়, বালুটিলা বাজার, চিকনছড়া বাজার, গার্ডের দোকান, হেয়াঁকো, দাঁতমারা, শান্তিরহাট ও নারায়ণহাট এলাকায় আন্দোলনকারীরা পিকেটিং, বিক্ষোভ ও মিছিল করেছেন। শান্তিরহাট ও দাঁতমারা বাজার এলাকায় যান চলাচল বন্ধ থাকায় সড়কেই ফুটবল-ক্রিকেট খেলতে দেখা গেছে আন্দোলনকারীদের। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন এবং চলমান এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াতে কোনো বাধা দেওয়া হচ্ছে না বলে জানা গেছে।

আন্দোলনকারী শফিউল আজম চৌধুরী বলেন, নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন, কিন্তু সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক উদ্যোগ আসেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি।

আরেক আন্দোলনকারী হাসান শামসুদ্দীন বলেন, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আন্দোলন নয়, বরং উত্তর ফটিকছড়ির সাধারণ মানুষের ন্যায্য অধিকারের লড়াই। ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক নুরুল আমিন আজাদ বলেন, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে একই দাবিতে গত ১৬ জুলাই তিন ইউনিয়নের বাসিন্দারা সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালন করেছিলেন। হরতাল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, হরতালের কারণে সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed