পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযান, ৪৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযান, ৪৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযান, ৪৪ সন্ত্রাসী নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা তথ্যভিত্তিক এই অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪৪ সন্ত্রাসী নিহত হয়েছে। একই সময়ে জঙ্গিদের হামলায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। নিহত কর্মকর্তাদের একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) পদমর্যাদার।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে এসব ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানান, বুধবার (২৯ জুলাই) গভীর রাতে খাইবার পাখতুনখাওয়ার হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসীরা হামলা চালালে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি)-সহ তিন পুলিশ কর্মকর্তা নিহত হন।

তিনি বলেন, পাল্টা অভিযানে নিরাপত্তা বাহিনী আট সন্ত্রাসীকে হত্যা করে এবং হামলাটি প্রতিহত করে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে আরও ১৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।

এর আগে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানায়, আফগানিস্তান সীমান্তসংলগ্ন খাইবার জেলায় একাধিক অভিযানে ২৪ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া বেলুচিস্তানের নুশকি জেলায় পৃথক অভিযানে আরও আট সন্ত্রাসী নিহত হয়েছে।

আইএসপিআর জানায়, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক (আইইডি) উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। বাকি সন্ত্রাসীদের খুঁজে বের করতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়ার সোয়াত জেলায় চলমান অভিযানে আরও চার সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। এলাকায় তল্লাশি অভিযানও অব্যাহত রয়েছে।

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সোয়াত একসময় জঙ্গিগোষ্ঠীর শক্ত ঘাঁটি ছিল। তবে ২০০৯ সালে বড় ধরনের সামরিক অভিযানের পর উপত্যকাটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে সরকার।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে। ইসলামাবাদের দাবি, এসব হামলার সঙ্গে আফগানিস্তানভিত্তিক তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জড়িত। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *