আসামে ২ সহকর্মীকে গুলি চালিয়ে হত্যার পর নিজেকে শেষ করলেন ভারতীয় জওয়ান
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের আসাম রাজ্যের নগাঁও জেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক জওয়ান গুলি করে তার দুই সহকর্মীকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ওই এলাকার একটি সিআরপিএফ ক্যাম্পে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও এক সিআরপিএফ জওয়ান।
এনডিটিভির খবরে বলা হয়, কাটিমারির ৩৪ ব্যাটালিয়ন ক্যাম্পে সকাল ৭টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান ফটকে দায়িত্বে থাকা সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) বল্লানি প্রেমাবরম তার সহকর্মীদের ওপর গুলি চালান।
কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় বিষ্ণু প্রসাদ বাঘেল এবং রামনাওয়াল সিং যাদব নামে দুই সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন এবং এএসআই মানে গোবিন্দ শ্রীপুল আহত হয়েছেন। এর পরপরই আহত জওয়ানকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
কর্মকর্তারা জানান, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এএসআই প্রেমাবরম পরে একটি ব্যারাকের ভেতরে গুলি চালিয়ে নিজেও আত্মহত্যা করেন। নগাঁওয়ের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ পার্থ প্রতিম দাসের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, ক্যাম্পের প্রধান ফটকে ডিউটি করার সময় প্রেমবরম তার সার্ভিস রাইফেলটি সঙ্গে রাখেননি।
তিনি বলেন, তিনি গার্ড রুম থেকে একটি ইনসাস রাইফেল নিয়ে কোয়ার্টার গার্ডের পেছনের দিকে যান এবং সেখানে বিষ্ণুকে লক্ষ্য করে গুলি চালান। বিষ্ণু ঘটনাস্থলেই মারা যান। এরপর তিনি নথি যাচাইয়ের জন্য আসা রামনাওয়াল সিংকে লক্ষ্য করে গুলি চালান। সিংও ঘটনাস্থলেই মারা যান।
এসএসপি জানান, এরপর প্রেমবরম এএসআই মানে গোবিন্দকে গুলি করেন, এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর পর প্রেমবরম একটি ব্যারাকে ঢুকে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। এরপর সিআরপিএফ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এই ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।