ত্রিপুরায় ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা বিদ্রোহীদের

ত্রিপুরায় ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা বিদ্রোহীদের

ত্রিপুরায় ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা বিদ্রোহীদের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের ত্রিপুরায় দীর্ঘদিনের বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য রেলপথ ও জাতীয় মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে আত্মসমর্পণকারী সাবেক বিদ্রোহীদের দুটি সংগঠন। স্বাধীনতা দিবসের ঠিক আগে এ কর্মসূচির ঘোষণায় রাজ্যজুড়ে সম্ভাব্য যান চলাচল ও জনজীবনে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার আগরতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জয়েন্ট অ্যাকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কমিটি (জেএআরসি) এবং জয়েন্ট অ্যাকশন কমিটির (জেএসি) নেতারা এ কর্মসূচির ঘোষণা দেন।

সংগঠন দুটির দাবি, কেন্দ্র ও রাজ্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে তাদের সদস্যরা সশস্ত্র পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলেও এখন পর্যন্ত তাদের জন্য কোনো আর্থিক প্যাকেজ বা পুনর্বাসন সুবিধা ঘোষণা করা হয়নি।

তারা জানান, দীর্ঘদিন ধরে নয় দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের সঙ্গে যোগাযোগ করে আসছেন। এর আগে ২৪ জুন একই দাবিতে রেলপথ ও জাতীয় মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হলেও সরকারের অনুরোধে তা প্রত্যাহার করা হয়।

পরবর্তীতে সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে রাজ্য সরকারের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। সর্বশেষ বুধবার আদিবাসী কল্যাণমন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে আরেক দফা বৈঠক হলেও তাতেও কোনো অগ্রগতি হয়নি।

আলোচনা ব্যর্থ হওয়ায় আগামী ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য রেলপথ ও জাতীয় মহাসড়ক অবরোধের কর্মসূচি পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে সংগঠন দুটি।

ঘোষণা অনুযায়ী, জাতীয় মহাসড়ক অবরোধ কর্মসূচি চম্পকনগরের চন্দ্র সাধু পাড়া এলাকায় এবং রেলপথ অবরোধ পশ্চিম ত্রিপুরা জেলার ভৃগুদাস পাড়া এলাকায় অনুষ্ঠিত হবে।

স্বাধীনতা দিবসকে সামনে রেখে ঘোষিত এ কর্মসূচির কারণে রাজ্যে স্বাভাবিক জনজীবন ও পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন নিবিড়ভাবে নজরদারি করবে বলে ধারণা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *