রাঙামাটির রিজার্ভ বাজারে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের খাদ্য সহায়তা
![]()
জার্নাল প্রতিবেদক
টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও আকস্মিক পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটি পৌর এলাকার ১ হাজার ২০০ অসহায় ও কর্মহীন পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় এসব পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকালে রাঙামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রিজার্ভ বাজার এলাকার শহীদ আব্দুল আলী একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজমের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এ সময় রাঙামাটি পৌর বিএনপির সভাপতি শফিউল আজম শফি, স্বেচ্ছাসেবক দল রাঙামাটি জেলার সদস্যসচিব মো. নাছির উদ্দীন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাছির উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে রাঙামাটি পৌর এলাকার অসংখ্য পরিবার ঘরবাড়ি, আসবাবপত্র ও জীবিকার উৎস হারিয়ে চরম সংকটে পড়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পাশাপাশি বিভিন্ন স্থানে পাহাড় ধসে ক্ষয়ক্ষতির কারণে নিম্নআয়ের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ফলে অনেক পরিবারে দেখা দিয়েছে খাদ্যসংকট।
এ অবস্থায় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোকে মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের মাধ্যমে জেলা পরিষদের এ খাদ্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাঁরা জানান, শুধু ১ নম্বর ওয়ার্ডে সীমাবদ্ধ না রেখে পর্যায়ক্রমে রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডের দুর্যোগকবলিত পরিবারগুলোর মাঝেও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে। কোনো অসহায় পরিবার যাতে সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এদিকে বিপুলসংখ্যক উপকারভোগীর উপস্থিতি থাকলেও সেনাবাহিনী রাঙামাটি সদর জোন ও কোতোয়ালি থানা পুলিশের সদস্যদের দায়িত্বশীল ভূমিকা ও সার্বিক নিরাপত্তায় খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। উপকারভোগীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নির্বিঘ্নে তাঁদের খাদ্যসামগ্রী গ্রহণ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।