ভারত-নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় ফেনসিডিল কারখানা স্থাপন করা হচ্ছে: এমপি হিলালী
![]()
জার্নাল প্রতিবেদক
নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, গোয়েন্দা তথ্যে জানতে পেরেছি, পার্শ্ববর্তী দেশে অসংখ্য ফেনসিডিল কারখানা স্থাপন করা হচ্ছে। সেদেশের সরকারের পৃষ্ঠপোষকতায় ভারত-নিয়ন্ত্রিত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এসব কারখানা গড়ে তোলা হচ্ছে, যাতে মাদক বাংলাদেশে পাঠানো যায়।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী বিএনএইচকে একাডেমি মাঠে বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তেলিগাতী ও দুওজ ইউনিয়ন পরিষদ যৌথভাবে এ সভার আয়োজন করে।
মাদকের ভয়াবহতার কথা তুলে ধরে তিনি বলেন, একটি সমাজকে ধ্বংস করে দিতে মাদকই যথেষ্ট। মাদক সেবনে মানুষের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষমতা নষ্ট হওয়ার পাশাপাশি পারিবারিক জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়ে।
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে এমপি হিলালী বলেন, সবার সহযোগিতায় আটপাড়া ও কেন্দুয়া থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমি কাজ করে যাব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমানের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, দুওজ ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আতিকুর রহমানসহ পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সচেতন নাগরিক এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।