সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সেবায় বিজিবির মারিশ্যা জোন, চিকিৎসা, ওষুধ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধের পাশাপাশি পাহাড়ি জনপদে জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও ভূমিকা রাখছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রাঙামাটির বাঘাইছড়িতে তিন শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’—এই মূলমন্ত্রকে সামনে রেখে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে বাঘাইছড়ির বিভিন্ন এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর তিন শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়। রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
কর্মসূচিতে শুধু ক্যাম্পে আসা রোগীদের চিকিৎসা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি মারিশ্যা জোনের উদ্যোগ।
মুমূর্ষু অবস্থায় থাকা স্থানীয় বাসিন্দা বিনয় লাল চাকমার শারীরিক অবস্থার খোঁজ নিতে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এবং জোনের মেডিকেল অফিসার মেজর অমিত কুমার শাহা তার বাড়িতে যান। সেখানে তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।

এ ধরনের উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবার সীমিত সুযোগের মধ্যে অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখছেন স্থানীয়রা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, জোনের মেডিকেল অফিসার মেজর অমিত কুমার শাহা, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শান্তি বিকাশ চাকমা, স্থানীয় সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ২৭ বিজিবি মারিশ্যা জোন সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং মাদক চোরাচালান প্রতিরোধের দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা ও চিকিৎসার মতো সামাজিক কল্যাণে কাজ করে যাচ্ছে। সম্প্রীতি ও শান্তির ধারা বজায় রাখতে সাধারণ মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি বলেন, সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নেও সংশ্লিষ্টদের পাশে থাকা প্রয়োজন। বিশেষ করে দুর্গম এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ বাড়াতে সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী
চিকিৎসা ক্যাম্প শেষে স্থানীয় পাহাড়ি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং খেলাধুলায় উৎসাহিত করতে তাদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা বলেন, পাহাড়ের প্রত্যন্ত এলাকার তরুণ ও শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ তৈরি করা হলে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে। পাশাপাশি মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতেও নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম এলাকার মানুষের চিকিৎসা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্প্রীতির সম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখে।

তাদের মতে, পাহাড়ের দুর্গম এলাকায় যেখানে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন, সেখানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের মতো কর্মসূচি সরাসরি মানুষের উপকারে আসে। একই সঙ্গে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দেওয়া তাদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে সহায়ক হবে।
মারিশ্যা জোনের এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক আখ্যা দিয়ে স্থানীয় সুশীল সমাজ ও বাসিন্দারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।