কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ফ্যামিলি সমাবেশ

কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ফ্যামিলি সমাবেশ

কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ফ্যামিলি সমাবেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সরকারের বিভিন্ন কর্মসূচি, নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে অবহিত করতে রাঙামাটির কাপ্তাইয়ে ফ্যামিলি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গর্ভামেন্ট পারফরম্যান্স মনিটরিং সিস্টেম (GPMS) কর্মপরিকল্পনার আওতায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার পাশাপাশি কৃষকদের স্বার্থে কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা যথাযথভাবে পেতে জনগণকে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের আহ্বান জানান।

কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান।

আলোচনা সভায় সরকারি বিভিন্ন সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষি সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর করণীয় এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের পদ্ধতি নিয়েও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

সভায় বক্তারা বলেন, সরকারি বিভিন্ন কর্মসূচির সুফল পেতে হলে সাধারণ মানুষের মধ্যে সঠিক তথ্য পৌঁছানো জরুরি। বিশেষ করে দুর্গম ও প্রান্তিক এলাকার মানুষ অনেক সময় তথ্যের অভাবে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। এ ধরনের ফ্যামিলি সমাবেশের মাধ্যমে সরাসরি জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের সচেতন করা সম্ভব।

কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারি বিভিন্ন কর্মসূচি, সুযোগ-সুবিধা ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারি কর্মকর্তা, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।