বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর মার্কিন অভিবাসী ভিসা নিষেধাজ্ঞা বাতিল

বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর মার্কিন অভিবাসী ভিসা নিষেধাজ্ঞা বাতিল

বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর মার্কিন অভিবাসী ভিসা নিষেধাজ্ঞা বাতিল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু স্থগিত রাখার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া নীতি বাতিল ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।

ম্যানহাটনের সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের বিচারক জ্যানেট ভার্গাস এই স্থগিতাদেশকে ‘স্পষ্টতই বেআইনি’ উল্লেখ করে জানিয়েছেন, এটি কার্যকর করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

রায়ে বিচারক উল্লেখ করেন, জাতীয়তার ওপর ভিত্তি করে কোনো দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান সম্পূর্ণ বন্ধ করে দেওয়া ফেডারেল অভিবাসন আইনের সরাসরি লঙ্ঘন। মার্কিন অভিবাসন আইনে কনস্যুলার কর্মকর্তাদের ভিসা অনুমোদনের সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ করার ক্ষমতা পররাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হয়নি।

ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক, আফ্রিকান কমিউনিটিজ টুগেদার এবং ভিসা আবেদনকারী ও তাঁদের মার্কিন স্পনসরদের দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিযুক্ত বিচারক ভার্গাস এই রায় দেন।

চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই স্থগিতাদেশের আওতায় ছিল বাংলাদেশ ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ, ল্যাটিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে, বলকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়া ছাড়াও আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের একাধিক রাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি ছিল, এসব দেশের আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন।

অভ্যন্তরীণ নিরাপত্তা বৃদ্ধির যুক্তি দেখিয়ে ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকেই অভিবাসনের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে আসছে। সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটসের তথ্যানুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩৯টি দেশের ওপর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ডিসেম্বরের শেষ দিকে ডাইভারসিটি ভিসা স্থগিতের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু বানানো এবং বাকস্বাধীনতা ও ন্যায়বিচারের অধিকারের পরিপন্থী বলে অভিহিত করেছে। আদালতের এই রায়ের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি দেশটির স্টেট ডিপার্টমেন্ট।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *