কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে দায়িত্ব পালনরত ৪৬ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। দায়িত্ব পালনে গতিশীলতা বাড়ানো এবং গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এসব সামগ্রী দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল ও ২৫ ধরনের পোশাক সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।

অনুষ্ঠানে ইউএনও রায়হানুল ইসলাম বলেন, গ্রাম পুলিশের দায়িত্ব পালনে সহায়তা করার জন্য সরকার বাইসাইকেল ও বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী সরবরাহ করছে। জনকল্যাণে এসব সামগ্রী যথাযথভাবে ব্যবহার করে দায়িত্ব পালনের জন্য তিনি গ্রাম পুলিশদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে কাজ করেন গ্রাম পুলিশরা। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তথ্য দেওয়া, প্রশাসনকে সহযোগিতা এবং বিভিন্ন সরকারি কার্যক্রমে সহায়তার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম পেলে তারা আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবেন।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

নতুন বাইসাইকেল, পোশাক সামগ্রী ও অন্যান্য সরঞ্জাম পেয়ে সন্তোষ প্রকাশ করেন গ্রাম পুলিশ সদস্যরা। তারা জানান, দুর্গম ও বিস্তৃত এলাকায় দায়িত্ব পালনের সময় যাতায়াতের ক্ষেত্রে বাইসাইকেল তাদের জন্য বিশেষভাবে সহায়ক হবে। একই সঙ্গে নতুন পোশাক তাদের দায়িত্ব পালনে পেশাগত শৃঙ্খলা ও পরিচিতি বাড়াবে।

গ্রাম পুলিশ সদস্যরা সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দায়িত্ব পালনে তাদের আরও উৎসাহিত করতে বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানান।

স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গ্রাম পুলিশের ভূমিকা বিবেচনায় তাদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নিয়মিত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে গ্রাম পর্যায়ে সরকারি সেবার কার্যকারিতা আরও বাড়বে বলে মনে করছেন তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *