লংগদুতে পানিতে ডুবে প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির লংগদু উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে সুরাইয়া (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া কালাপাকুজ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী এবং কালাপাকুজ্জা এলাকার শরিফ মাস্টারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত পাশের পানিতে পড়ে যায় সুরাইয়া। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করেন। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এদিকে, শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশীদের মধ্যেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে মেয়েটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুরাইয়ার মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।