খাগড়াছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস
![]()
জার্নাল প্রতিবেদক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে জশনে জুলুসটি বের হয়। এতে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লি ও নবীপ্রেমিকরা অংশ নেন।
জুলুসটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন এবং নাতে রাসুল পরিবেশন করেন। জেলা সদর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মানুষ জশনে জুলুসে যোগ দেন।
পরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম সালাউদ্দিন।

জুলুস ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক ও আহলে সুন্নাতুল জামাতের সভাপতি আবু তাহের আনসারী, সহসভাপতি আব্দুর রউফ রাজা, সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদসহ সুন্নীয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর দেখানো শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নৈতিকতার পথে ব্যক্তি ও সমাজজীবন পরিচালনার আহ্বান জানান তারা।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।