কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন

কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন

কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

৬৪ জেলার ২৫০ স্কাউটের অংশগ্রহণ, রাঙামাটি-বান্দরবান-কক্সবাজারে পাঁচ দিনের নানা অ্যাডভেঞ্চার কার্যক্রম

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে শুরু হয়েছে বাংলাদেশ স্কাউটসের ‘১ম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৬’। দেশের ৬৪ জেলা থেকে ২৫০ জন স্কাউট, গার্লস ইন স্কাউট, রোভার স্কাউট, গার্লস ইন রোভার স্কাউট ও অ্যাডাল্ট লিডারের অংশগ্রহণে বুধবার (২৬ আগস্ট) বৃষ্টিস্নাত দিনে কাপ্তাইয়ের রাইংখ্যং আইল্যান্ডে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

পাঁচ দিনব্যাপী এ অ্যাডভেঞ্চার ক্যাম্প চলবে ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত। ক্যাম্পের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রকৃতি, পাহাড়, নদী, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ, নেতৃত্ব, দলগত কাজ ও আত্মনির্ভরতার দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় কাপ্তাইয়ের রাইংখ্যং আইল্যান্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, স্কাউটিং এমন একটি কার্যক্রম, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবিক গুণাবলি অর্জনের শিক্ষা দেওয়া হয়। স্কাউটদের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাদের ভূমিকা স্মরণ করার মতো।

তিনি বলেন, অ্যাডভেঞ্চার কার্যক্রম তরুণদের শুধু বিনোদন দেয় না; বরং প্রতিকূল পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়া, দলবদ্ধভাবে কাজ করা এবং নেতৃত্ব দেওয়ার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে।

বাংলাদেশ স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক এ এইচ এম মুহসিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান।

কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ টেলিভিশনের সংবাদ উপস্থাপক মেহেনাজ মুন্নি। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় উপ-কমিশনার জিয়াউল হুদা হিমেল। বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম পরিচালক মোসা. মাহফুজা পারভীন।

ক্যাম্পের কেন্দ্রীয় ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন আঞ্চলিক উপ-কমিশনার (নৌ অঞ্চল) ও কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।

কাপ্তাই লেকে ওয়াটার অ্যাক্টিভিটি

উদ্বোধনী দিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কাপ্তাই লেকে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি-তে অংশ নেন। পরে বোটযোগে রাইংখ্যং আইল্যান্ডে গিয়ে তাবু স্থাপনসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন তারা।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে রাঙামাটির ঝুলন্ত সেতু ও পলওয়েল পার্ক পরিদর্শন। রাতে আয়োজন করা হয়েছে ক্যাম্প ফায়ারের।

আয়োজকরা জানান, পরবর্তী দিনগুলোতে রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন প্রাকৃতিক ও দর্শনীয় স্থানে অ্যাডভেঞ্চারভিত্তিক নানা কার্যক্রমে অংশ নেবেন স্কাউটরা। এর মাধ্যমে পাহাড়, নদী, বন ও স্থানীয় সংস্কৃতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বাস্তব পরিস্থিতিতে নিজেদের সক্ষমতা যাচাইয়ের সুযোগ পাবেন তারা।

‘প্রতিকূলতা মোকাবিলার বাস্তব শিক্ষা দিচ্ছে ক্যাম্প’

ক্যাম্পে অংশ নেওয়া বিভিন্ন জেলার স্কাউটরা বলেন, প্রকৃতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া এবং নানা প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, তা শেখার জন্য তারা এ ক্যাম্পে অংশ নিয়েছেন।

তাদের ভাষ্য, শ্রেণিকক্ষের বাইরের এ ধরনের কার্যক্রম আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নেতৃত্ব, দলগত কাজ, শৃঙ্খলা ও আত্মনির্ভরতার দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের এ আয়োজন দেশের বিভিন্ন প্রান্তের স্কাউটদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়েরও সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে পাহাড়, হ্রদ, বন ও সমুদ্রঘেরা দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রকৃতি ও বৈচিত্র্যের সঙ্গে তরুণ স্কাউটদের সরাসরি পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *