কাপ্তাইয়ে টেকাব প্রকল্পের কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকাব-২য় পর্যায়’ প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টায় কাপ্তাই উপজেলা পরিষদ হলরুম (কিন্নরী)-তে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২০ জন যুবক ও ২০ জন যুবতীসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে যুবসমাজকে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বে কম্পিউটার ও নেটওয়ার্কিংয়ের মতো কারিগরি দক্ষতা তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের সুযোগ নিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুললে তরুণ-তরুণীরা চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত হতে পারবেন।
অনুষ্ঠানে কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. খায়রুল আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুসহ গণমাধ্যমকর্মী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানের অতিথিরা দুই মাসব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী ৪০ জন যুবক-যুবতীর হাতে সনদপত্র তুলে দেন। প্রশিক্ষণ শেষে সনদ পাওয়ায় তরুণ-তরুণীদের মধ্যে উৎসাহ ও আনন্দ দেখা যায়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।